সময়টা ১৯৮৪ সালের ৩১ অক্টোবর। সোনিয়া গান্ধী তখন বয়সে তরুণ। একজন স্ত্রী, একজন মা হিসেবে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। থাকেন দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে। শাশুড়ি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তখন দায়িত্বে। সেদিন সকালে গোসল সেরে নিয়েছিলেন সোনিয়া। হঠাৎ বিকট আওয়াজে চমকে ওঠেন। বাগানের দিক থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসে। শাশুড়ি ইন্দিরা সবে দপ্তরে যাওয়ার জন্য বাসভবন থেকে বেরিয়েছেন।
পাশের একটি ভবনেই প্রধানমন্ত্রীর দপ্তর। গুলি ইন্দিরাকে লক্ষ্য করেই। নিজের দুজন শিখ দেহরক্ষী সেই গুলি চালায়। প্রাণ হারান ইন্দিরা। ওই বছরের শুরুতে অমৃতসরের শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। এর প্রতিশোধ নিতেই ইন্দিরাকে গুলি, খুন। সোনিয়া তখন ভেবেছিলেন, এটা হয়তো বাজির শব্দ। তবে শব্দটা প্রচলিত বাজির চেয়ে কিছুটা আলাদা। দুই সন্তানের দেখভালের জন্য রাখা পরিচারিকা দ্রুত ছুটে আসেন।
বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করেন।
সূত্র: প্রথম আলো