গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে, জানা যায়নি। তবে তাঁদের পরিবার ন্যায়বিচার পাবে বলে আশ্বস্ত করেন তিনি।আজ বুধবার ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম এ তথ্য জানান।
গুমের এসব ঘটনা তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।যখনই নির্বাচন বা অন্য কোনো উপলক্ষ আসত, তখন রাজনৈতিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, তাঁদের তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করত কিংবা গুম করে দিত। এ রকম অনেকেরই সন্ধান তাঁরা এখন পর্যন্ত পাননি। গুম কমিশনের তালিকায় এ রকম ২৮০ জনের নাম উঠে এসেছে।
এই মানুষগুলোর ভাগ্যে কী ঘটেছে, তা তাঁরা এখন পর্যন্ত জানেন না।ইতিমধ্যে সরকার গুম প্রতিরোধ এবং প্রতিকার–সংক্রান্ত আইন প্রণয়ন করেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সে আইনে বলা হয়েছে, এখন পর্যন্ত যাঁরা গুম আছেন, তাঁদের মধ্যে যেসব ঘটনা ব্যাপকমাত্রায় ও পদ্ধতিগত সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে।
সূত্র: প্রথম আলো