একটি সংগঠনের বয়স বাড়ে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু তার গভীরতা বাড়ে মানুষের জীবনে রেখে যাওয়া প্রভাবের মধ্য দিয়ে। ২৮ বছর—একটি সংগঠনের জন্য কম সময় নয়। এ সময়ে বদলেছে পৃথিবী, বদলেছে সমাজের বাস্তবতা, বদলেছে মানুষের প্রয়োজন। কিন্তু একটি প্রশ্ন আজও প্রাসঙ্গিক—বন্ধুত্বের যে স্বপ্ন নিয়ে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্ন কতটা মানুষের জীবনে পৌঁছাতে পেরেছে?‘বন্ধুত্ব’ শব্দটি শুনলে প্রথমেই মনে পড়ে ব্যক্তিগত সম্পর্কের কথা।
একসঙ্গে সময় কাটানো, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো। কিন্তু বন্ধুত্বের আরও বড় একটি অর্থ আছে। যে সম্পর্ক মানুষকে নিজের গণ্ডি পেরিয়ে অন্য মানুষের প্রতি দায়িত্বশীল করে তোলে, অপরিচিতের কষ্টকেও নিজের ভাবতে শেখায়, সেই বন্ধুত্ব কেবল ব্যক্তিগত অনুভূতি থাকে না, হয়ে ওঠে সামাজিক শক্তি।খুলনা বন্ধুসভার সঙ্গে পথচলার অভিজ্ঞতা থেকে আমি বন্ধুত্বের এই বৃহত্তর অর্থ উপলব্ধি করার সুযোগ পেয়েছি।
এখানে বন্ধুত্ব কেবল পরিচিত কয়েকটি মুখের সঙ্গে সময় কাটানোর নাম নয়; বরং নানা বয়স, পেশা ও চিন্তার মানুষের সঙ্গে মিশে নিজেকে সমৃদ্ধ করার, অন্যের জন্য কিছু করার এবং সম্মিলিতভাবে ভালো কিছু গড়ে তোলার একটি অনুশীলন।এই পথচলায় কখনো আমরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছি, কখনো শিশুদের নিয়ে আয়োজন করেছি ফল উৎসব।
সূত্র: প্রথম আলো