সরকারি কাজে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়াকে ঘুষ হিসেবে গণ্য করা যাবে না—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এ বক্তব্য প্রত্যাহার ও জড়িত ব্যক্তিদের জবাবদিহির দাবি জানিয়েছে। তবে সোমবারের ওই বক্তব্যের জন্য আজ বুধবার সকালে গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
একই সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যাও দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লাভের অংশ থেকে প্রকৌশলীকে দেওয়া ‘উপহার’ ঘুষ নয় এবং তা গ্রহণ করা যেতে পারে।প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে টিআইবি আজ এক বিবৃতি দিয়েছে।
সেখানে সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার কথা বলে প্রতিমন্ত্রী কি পরোক্ষভাবে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব।
সূত্র: প্রথম আলো