চট্টগ্রামের কর্ণফুলীতে মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। আজ বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম নুরুল আবছার (৩০)। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।
পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্থানীয় লোকজন একটি গাছবাগানে গাছে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছারের মরদেহ দেখতে পান। পরে তাঁরা স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদকে বিষয়টি জানান। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলটি একটি গাছবাগান।
সূত্র: প্রথম আলো