বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদ্যাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর পর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে।
পাশাপাশি সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত তরুণদের কাজ ও অভিজ্ঞতার কথাও উঠে আসে। শিক্ষা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অংশীদারত্বে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের ভূমিকার সঙ্গে যুক্ত সাবেক শিক্ষার্থী, চেঞ্জমেকার, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও অংশীদারেরা এ আয়োজনে অংশ নেন। এবারের আয়োজনে বিশেষ মাত্রা যুক্ত করে যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফির উপস্থিতি।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সাংস্কৃতিক বন্ধনকে স্বীকৃতি জানাতে তিনি এ উদ্যাপনে অংশ নেন।ব্রিটিশ কাউন্সিল সফরকালে নারী ক্ষমতায়ন, ‘গ্রিন এন্টারপ্রেনিউরশিপ’ বা সবুজ উদ্যোক্তা কার্যক্রম ও আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন ডাচেস অব এডিনবরা সোফি।
সূত্র: প্রথম আলো