জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
আহত ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার সপক্ষে উপযুক্ত প্রমাণকসহ আবেদন করতে হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখা থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে যাঁরা আহত হয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন আছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাঁদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন করতে বলা হয়েছে।গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আহত ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন।
সূত্র: প্রথম আলো