রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) এক নেতাকে ধরতে একটি বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রদলের তিন নেতা–কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ওই ছাত্রলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে। এ ঘটনায় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন।
একপর্যায়ে সুমন তাঁদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন।
সূত্র: প্রথম আলো