ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় তৈরি হওয়া আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন বুধবার চীনে ফিরে গেছেন এবং ১৩ নভেম্বর বাকি ছয়জনের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল ‘স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল’–এর প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার। সন্ধ্যায় তিনি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে তাঁদের মতামতও নিয়েছেন।জানা গেছে, চীনের এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাঁদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: প্রথম আলো