রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
লিটন মাহমুদকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিটন মাহমুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবির এই কর্মকর্তা এই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি।
তবে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, কিশোর গ্যাংকেন্দ্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
সূত্র: প্রথম আলো