নিরাপত্তাজনিত উদ্বেগে কাতারে ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তার আলোকে প্রাক্-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে।
কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তিনটি দল ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা গতকালই খেলোয়াড়দের ক্লাবগুলোকে বিষয়টি জানিয়েছে।
সূত্র: প্রথম আলো