আন্তালিয়ার আকসু থেকে ট্রামে হোটেলে ফেরার পথে, ভিড়ের জটলা আলগা হতে থাকলে ব্যাগ থেকে ইউনুস এমরের কবিতার বইখানি বের করি। তুর্কি সুফি ঘরানার এই কবির বইটি বাংলায় অনুবাদ করেছেন আরশাদ-উজ-জামান ও মুহম্মদ নূরুল হুদা। ২০১৮ সালে ঢাকার পাঞ্জেরী পাবলিকেন্স থেকে বইটি প্রকাশিত হয়েছে। ট্রামের ভেতর দাঁড়ানো জলবায়ু সম্মেলনে আগত নানা দেশের মানুষের আলোছায়া ঠিকরে পড়ে বইয়ের পাতায়।
এমরে লিখছেন, ‘এই পৃথিবীকে বানিয়েছি আমি সমতলশালা, গেঁথেছি সেখানে পাহাড়ের মালা, আকাশকে বানিয়েছি এক ধনুকী খিলান, আধার আমিই সর্বশক্তির, আমিই সবার ত্রাতা’। এমরের কবিতায় প্রকৃতি ও মানুষ অবিচ্ছিন্ন সত্তা। জলবায়ু বিপর্যস্ত এই দুনিয়ায় এমরের কবিতা পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নৈতিক দায়িত্ববোধ, সংযম ও কৃতজ্ঞতা প্রকাশের দস্তাবেজ।
বিশ্বায়িত অসৎ ক্ষমতাকাঠামো, কর্তৃত্ববাদ ও ঔপনিবেশিক জুলুম দুনিয়াব্যাপী বিরাজিত এমন দস্তাবেজগুলো চূর্ণবিচূর্ণ করে ফেলছে।
সূত্র: প্রথম আলো