দেশের আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও উদ্যোক্তা হিসেবে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁরা এখনো পিছিয়ে আছেন। ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করা মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। ব্যাংকের মোট ঋণ হিসাবের মধ্যে নারীদের অংশও কমে ১৮ দশমিক ৬ শতাংশে নেমেছে।
তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণগ্রহীতাদের ৯১ শতাংশই নারী।বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’ শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, নারীদের ব্যাংক হিসাব (আমানত) বাড়ছে। এক বছরে নারীদের নামে ব্যাংক হিসাব বেড়েছে ১৬ দশমিক ৫ শতাংশ।
ফলে ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ এখন নারীদের নামে আছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ব্যাংকে নারীদের আমানত হিসাব ছিল ৫ কোটি ৫০ লাখ, যা ২০২৫ সালের একই সময়ে বেড়ে ৬ কোটি ৪১ লাখে দাঁড়িয়েছে, অর্থাৎ এক বছরে নারীদের আমানত হিসাব বেড়েছে ৯১ লাখ।
সূত্র: প্রথম আলো