কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল। তবে আবেদনের সময় পরিবর্তন হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন।গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল।
সূত্র: প্রথম আলো