সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গতকাল বুধবার মক্কা অঞ্চলে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ঘটনা ঘটল।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ধ্বংসাবশেষ পড়া এলাকা দুটি হলো মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত সাবুহাহ গ্রাম এবং মসজিদটি থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াদি আল-মাঘমাস এলাকা।সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
পরে আকাশেই সেগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়।তবে পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা।
সূত্র: প্রথম আলো