রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতেন চীনা নাগরিকেরা। অলিগলি, মানুষের বাড়িঘর, রাস্তাঘাট—কিছুই বাদ যেত না তাঁদের ক্যামেরায়। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতেন তাঁরা। তবে ৭ নভেম্বর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় চীনা নাগরিকদের আনাগোনা চোখে পড়ছে না।অন্যদিকে থানা-পুলিশ বলছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে। এর পর থেকে চীনা নাগরিকদের এসব কর্মকাণ্ড কমে এসেছে।১১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে কোনো চীনা নাগরিককে আর লাইভ ভিডিও করতে দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে এসব এলাকায় চীনা নাগরিকদের আনাগোনা তাঁদের চোখে পড়ছে না।গত ৬ নভেম্বর প্রথম আলোর অনলাইনে ‘সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।ওই প্রতিবেদনে উত্তরার বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়েছিল, দেড় শতাধিক চীনা নাগরিক এলাকার বিভিন্ন অলিগলিতে ঘুরে ভিডিও ধারণ করছেন।
সূত্র: প্রথম আলো