ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর আর সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারান এখন স্বামী-স্ত্রী। দীর্ঘদিনের গুঞ্জন আর নানা জল্পনার অবসান ঘটিয়ে ১১ নভেম্বর গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয়েছে এই আয়োজন। বিয়ের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিয়ের পর নিজেদের প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির সঙ্গে ছোট্ট অথচ রোমান্টিক একটি ক্যাপশনও জুড়ে দেন তিনি, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য। ১১.১১।’ ছবিতে অনিরুদ্ধর পরনে ছিল হাতির দাঁতের রঙের ওপর নকশা করা ঐতিহ্যবাহী পোশাক। কাব্য পরেছিলেন হালকা গোলাপি রঙের কারুকাজ করা লেহেঙ্গা। দুজনের হাত ধরা, মুখে হাসি। চারপাশে ছড়িয়ে পড়ছে ফুলের পাপড়ি।
পেছনে সাদা ও হলুদ ফুলের সাজে তৈরি করা হয়েছিল বিয়ের মঞ্চ।ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর—দুই দিন ধরে চলেছে বিয়ের আয়োজন।
সূত্র: প্রথম আলো