স্মার্টফোনের ক্যামেরা যত উন্নত হচ্ছে, ততই যেন পুরোনো দিনের ছবির প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের। বিশেষ করে জেনারেশন জেড বা জেন–জি প্রজন্মের অনেকে এখন আধুনিক স্মার্টফোনের বদলে ব্যবহার করতে চাইছেন পুরোনো মডেলের আইফোন। তাদের পছন্দের তালিকায় রয়েছে ২০১৩ সালে বাজারে আসা আইফোন ৫সি। ফোনটির ক্যামেরায় তোলা ছবির পুরোনো দিনের আবহ নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে।
প্রযুক্তিপণ্য কেনাবেচার ওয়েবসাইট কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘বাই আইফোন ৫সি’ লিখে অনলাইনে অনুসন্ধানের হার বেড়েছে ৪০ হাজার ৫০০ শতাংশ। অর্থাৎ বাজারে আসার ১৩ বছর পরও ফোনটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। শুধু তা-ই নয়, ফোনটির ক্যামেরা সম্পর্কেও বাড়ছে মানুষের কৌতূহল।আইফোন ৫সির প্রতি এই আগ্রহের অন্যতম কারণ এর ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
আধুনিক স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবির মতো এতে নিখুঁত রং কিংবা সফটওয়্যারের মাধ্যমে অতিরিক্ত পরিশীলিত ছবি পাওয়া যায় না।
সূত্র: প্রথম আলো