দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আরও তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যে তিনটি শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও এবং কোম্পানি সচিব।
বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে এই তিন পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ওই কর্মকর্তার ব্যক্তিগত সততা, আর্থিক অবস্থা বিবেচনায় নিতে হবে।
ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পালনের ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।উল্লেখিত তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো