ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তাঁকে এজলাসেও উঠানো হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে আজ সকাল ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে কাউসার মিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা–পুলিশ। এরপর দুপুরে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায়।ওই আবেদনে বলা হয়, কাউসারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
পাশাপাশি প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: প্রথম আলো