সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় কয়েকটি অপরাধের শাস্তি কমানো এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাব এসেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া সংশোধন ও আবার জনমতের জন্য প্রকাশ করা ইতিবাচক উদ্যোগ। কিন্তু একটি আইনের গ্রহণযোগ্যতা শুধু শাস্তির মেয়াদ দিয়ে বিচার করা যায় না।
কোন কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তার সংজ্ঞা কতটা সুনির্দিষ্ট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কতটা ক্ষমতা দেওয়া হচ্ছে—এসবই মূল বিবেচ্য। সেই বিচারে নতুন খসড়াতেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর থেকে ৫ বছর এবং মানহানির শাস্তি ৫ বছর থেকে ২ বছর করার প্রস্তাব রয়েছে। জরিমানাও কমানো হচ্ছে।
কিন্তু সমালোচনা বা ব্যঙ্গের জন্য কাউকে ফৌজদারি মামলার মুখোমুখি করার সুযোগ থাকলে শাস্তি কমানো কোনো বড় পরিবর্তন আনবে না।
সূত্র: প্রথম আলো