কিছু পাখি জীবনের প্রথম বছরেই নিজ প্রজাতির ডাক ও গান শিখে নেয়। কিন্তু মকিংবার্ডের মতো পাখি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন ডাক ও গান শিখতেই থাকে। উত্তর আমেরিকার ‘নর্দান মকিংবার্ড’ প্রায় ২০০টি পর্যন্ত ডাক ও গান শিখতে পারে।
এরা এদের আশপাশের অন্যান্য পাখি, গাড়ির অ্যালার্ম কিংবা পুরোনো দরজার কিচকিচ শব্দও অবিকল নকল করতে পারে।বিজ্ঞানীদের একটি ধারণা হলো, স্ত্রী মকিংবার্ডরা এমন পুরুষ পাখিদের বেশি পছন্দ করে, যারা অনেক বেশি গান গাইতে পারে। অন্য পুরুষদের পেছনে ফেলতে তাই পুরুষ মকিংবার্ডরা খুব দ্রুত চারপাশের নানা শব্দ শিখে নিজেদের গানের তালিকায় যোগ করে।
নানা রকম গান গাওয়ার অর্থ হলো পুরুষ পাখিটি বয়সে বড় এবং কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা এর অনেক বেশি।এই ভালো গুণ বা টিকে থাকার ক্ষমতা এর ছানাদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।
সূত্র: প্রথম আলো