কুমিল্লার তিতাসে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার সময় কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ে আশ্রয় নেন।গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এর জের ধরে গতকাল রাতেই তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।স্থানীয় সূত্র ও আয়োজকদের বরাতে জানা গেছে, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে এ সংবর্ধনার আয়োজন করেন।এর আগে সংসদ সদস্য গোপালপুরে একটি মাটির সড়কে ইট বসানোর কাজ এবং নাগেরচর–গোপালপুর খালের ওপর পুরোনো সেতুর ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন।
দুপুরে জামাল উদ্দিন প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে তিনি দলীয় নেতা–কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে যান।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান।
সূত্র: প্রথম আলো