ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়েনাডের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তাঁর মা সোনিয়া গান্ধীকে নিয়ে বছরের পর বছর মনগড়া গল্প, মিথ্যা অভিযোগ ছড়িয়ে আসছে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। গতকাল বৃহস্পতিবার ওয়েনাডে মায়ের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘তারা (বিজেপি-আরএসএস) পুরোপুরি মনগড়া কথা বানিয়েছে। এখন আমার মা নিজের গল্প বলছেন।
নিজের গল্প বলার অধিকার তাঁর আছে। এত দিন তারা আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে। এখন তিনি সত্য বলছেন। তাই তারা যে বইটির সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। আর কীই–বা বলতে পারে তারা?’গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়।
বইটি অবলম্বনে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি টি জগ্গা রেড্ডি।বইটি প্রকাশের পর বিজেপি অভিযোগ করে, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণের চেষ্টা করেছেন সোনিয়া।
সূত্র: প্রথম আলো