কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল স্মৃতিকেন্দ্র। কিন্তু দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে কেন্দ্রটি এখন নিজেই স্মৃতি হারানোর পথে।স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। এটি পরিচালনা করে বাংলা একাডেমি। এখানে নেই লেখালেখি কিংবা সাহিত্যচর্চার উপযুক্ত পরিবেশ।
ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা অধিকাংশ মানুষ ও শিক্ষার্থীরা কেন্দ্রটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। স্থানীয় সাহিত্যপ্রেমীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান দিন দিন গুরুত্ব হারাচ্ছে। তবে কর্তৃপক্ষের ভাষ্য, ছুটির দিনে শুধু বিক্রয়কেন্দ্র ও পাঠাগার বন্ধ রেখে স্মৃতিকেন্দ্রটি খোলা থাকছে।আজ ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে পদমদীর স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথমবারের মতো দিনব্যাপী মীরমেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো