শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীসংলগ্ন বেড়াচাক্কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তরিকুল ইসলাম শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিল।
ফেরিতে থাকা একটি বাসের যাত্রী ছিল সে।বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে চাঁদপুরের হরিণা ঘাট থেকে কাকলি নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। একটি বাসের অংশ বাল্কহেডের সঙ্গে চেপে গিয়ে তিন শিশু আহত হয়।
পরে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, বালুভর্তি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে বাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে তিন শিশু চাপা পড়ে।
সূত্র: প্রথম আলো