ভারতের লাদাখের ত্রিস্তরীয় নির্বাচনের আগে বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ওয়াংচুক জানিয়েছেন, তাঁকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। বেশ কয়েকজন সশস্ত্র রক্ষী তাঁর বাসভবন ঘিরে রেখেছেন। সরকারিভাবে তাঁকে জানানো হয়েছে, তিনি যেন বাড়িতেই থাকেন। লাদাখে পঞ্চায়েত ও পৌরসভার নির্বাচন ২১ নভেম্বর।
এরপর ৪ ডিসেম্বর হবে আটটি স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচন। লাদাখি জনগণ শীতের সময় এই ভোট গ্রহণের বিরোধিতা করছেন। তাঁদের দাবি, ঠান্ডা ও তুষারপাতের কারণে অনেকেই এই সময় অন্যত্র চলে যান। এই সময় ভোট হলে বহু ভোটার ভোট দিতে পারবেন না। তাতে ভোটের হার কমে যাবে। সোনম ওয়াংচুক এবং স্থানীয় জনগণের অধিকাংশ চান এই নির্বাচন পিছিয়ে দেওয়া হোক।সোনম ওয়াংচুক এই সময়ে ভোট গ্রহণে আপত্তি জানিয়েছেন। সে জন্য তিনি জনমত সংগ্রহও করছেন।
কিন্তু কেন্দ্রীয় সরকার এই সময়েই ভোট করাতে চায়।
সূত্র: প্রথম আলো