‘ভাইয়ের জ্বর হয়েছিল। বুধবার কথা বলতে বলতেই ভাইকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু বিকেলের দিকে ভাইয়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেল। এরপর রাতের মধ্যেই ভাইটা মারা গেল। এভাবে ভাইকে হারিয়ে ফেলব, আমরা কল্পনাও করিনি।’কথাগুলো বলছিলেন আবদুল করিম। গত বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই আবদুর রহিমের (৩০) মৃত্যু হয়েছে। আবদুর রহিম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিরনির হাট এলাকার আবুল কালামের ছেলে।
আবদুর রহিম পেশায় রাজমিস্ত্রি ও রংমিস্ত্রি ছিলেন। তাঁর সংসারে স্ত্রী ও চার বছর বয়সী ছেলে আবরার আর দেড় বছর বয়সী মেয়ে আদিবা রয়েছে।পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে আবদুর রহিমের হালকা জ্বর আসে। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। বুধবার দুপুরে জ্বর বেড়ে গেলে তাঁকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
সূত্র: প্রথম আলো