অক্ষরজ্ঞানের পাঠশালায় পা রাখার আগে, শৈশবে যখন প্রথম আলিফ, বা, তা, সা শিখতে শুরু করি, তখন কায়দা কিংবা সিপারার পাতার ভাঁজে পরম যত্নে গুঁজে রাখা থাকত এক টুকরা ময়ূরের পালক। ইমাম সাহেব বা বাড়ির গুরুজনদের দেওয়া সেই ঝলমলে পালকের ডগাই ছিল আমাদের পাতা চেনার নিশানা। প্রাণীটিকে চোখে না দেখেই তার বর্ণিল মায়ায় জড়ানোর শুরুটা সেই সময়। এরপর আদর্শলিপির পাতায় ‘ম’ অক্ষরের পাশে পেখম মেলা এক মায়াবী পাখির আবছা অবয়ব কল্পনার জগতে কড়া নাড়ে।
সেই পাখিকে প্রথম রক্তমাংসে দেখি ১৯৬০-এর দশকে, ঢাকার হাইকোর্ট চত্বরের তৎকালীন চিড়িয়াখানার খাঁচায়।একলা বসে ময়ূর তবে খাঁচার বন্দী–সৌন্দর্য ছাপিয়ে বনে আপনমনে ঘুরে বেড়ানো ময়ূরের দেখা পাই অনেক পরে, ১৯৭৪ সালের জুনের শেষ সপ্তাহে। কিংবদন্তি পাখিবিশারদ ড. সালিম আলীর অধীনে ডক্টরেট কর্মসূচিতে যোগ দিতে তখন আমি মুম্বাইয়ে।
বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির দুই পাখিবিশারদ ড. রবার্ট বি গ্রাব ও এস এ হোসেন আমাকে বোরিভিলি ন্যাশনাল পার্কে পাখি দেখাতে নিয়ে গেলে সেখানেই প্রথম বুনো ময়ূরের দেখা পাই।কিন্তু পরবাসের বনে যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তাকে নিজের দেশের প্রকৃতিতে মুক্ত অবস্থায় দেখতে আমার অপেক্ষা করতে হলো দীর্ঘ ৫২টি বছর!
সূত্র: প্রথম আলো