কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয়েছেন দুই নেতা। তাঁরা হলেন দুই ভাই এমদাদ হোসেন আখন্দ ও সাইমুল ইসলাম আখন্দ।এমদাদ হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি এবং সাইমুল ইসলাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠিতে ওই দুই নেতার বহিষ্কারের কথা জানানো হয়।
তবে গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ওই সংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এমদাদ হোসেন। এ সময় সেখানে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে সংগঠনবিরোধী কার্যক্রম উল্লেখ করে তাঁকে বহিষ্কার করা হয়।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান।
সূত্র: প্রথম আলো