সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ এবং কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে।
শিশুযত্নকে একটি খাত হিসেবে আরও বেশি স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি শিশুর জন্য মানসম্মত যত্ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন।‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দুই দিনের সম্মেলনে নারীর কর্মসংস্থান ও শিশুর বিকাশে শিশুযত্নের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক ও বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
সূত্র: প্রথম আলো