সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে নতুন যে খসড়া করা হয়েছে, তাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)।
খসড়া আইনটির বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ জানিয়ে সংশোধনীতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।আজ শনিবার এক বিবৃতি দিয়ে প্রতিষ্ঠান দুটি বলেছে, সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) বিতর্কিত কিছু বিধান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের সংবাদ প্রকাশের কারণে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও ফৌজদারি মামলা এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিধান রাখা হয়েছে।খসড়া আইনে ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে উল্লেখ করে সিজিএস ও সিএফজে বলেছে, কোনো তথ্যকে ‘অযাচাইকৃত’ বা ‘বিভ্রান্তিকর’ বিবেচনা করে সাংবাদিকদের বিরুদ্ধে এই বিধান প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: প্রথম আলো