সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, চারটি ট্রলারে শতাধিক কিশোর-তরুণ। ট্রলারগুলোর পাশেই নোঙর করা ছিল কয়েকটি কার্গো জাহাজ। এ সময় একটি ট্রলারে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই, একটু কষ্ট হইলেও জিয়ার স্লোগান দেও, পুলিশ আইছে, বুঝছ।’আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রলারে থাকা কিশোর-তরুণদের কয়েকজনকে ধাওয়া দিচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁদের আটক করে কান ধরে ওঠবস করানো হচ্ছে।
এ সময় ওই তরুণদের দিয়ে ‘আওয়ামী লীগের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগানও দিতে দেখা যায়।গতকাল শুক্রবারের এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৩৭ কিশোর ও তরুণকে আটক করে। পরে আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগার ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। প্রাপ্তবয়স্ক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।ভিডিওগুলো একই ঘটনার বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে।
আজ শনিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, দুপুরে আদালতে আনা ৩৭ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৩৩ জনকে মুন্সিগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোলা হয়।
সূত্র: প্রথম আলো