আড়তের সামনে থরে থরে সাজানো কমলা রঙের পার্সিমন। ক্রেতারা দরদাম করছেন। পছন্দ হলে কিনে নিচ্ছেন। একদিকে ট্রাক থেকে নামানো হচ্ছে ফলের কার্টন, অন্যদিকে চলছে বেচাকেনা। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এখন এমনই ব্যস্ততা। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার পার্সিমনের বিক্রি বেড়েছে। কমেছে দামও। একসময় চড়া দামের কারণে পার্সিমনকে ‘ধনীদের ফল’ বলতেন ব্যবসায়ীরা। মূলত অভিজাত এলাকার দোকানে বিক্রি হতো এই বিদেশি ফল।
এখন সেই চিত্র বদলাচ্ছে। ফলমন্ডি থেকে বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা পার্সিমন কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের কাছেও ফলটি পরিচিত হয়ে উঠছে। দুই বছর আগে প্রতি কেজি পার্সিমনের খুচরা দাম ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এখন পাইকারি বাজারে মানভেদে ৪৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে দাম ৬০০ থেকে ৮০০ টাকা।বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দাম কমার পাশাপাশি পার্সিমনের পরিচিতি বাড়ছে।
সূত্র: প্রথম আলো