জীবনের কঠিন লড়াই আর পারিবারিক নানা প্রতিকূলতা পেরিয়ে আলোর দিশারী হয়ে উঠেছে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্রী নূপুর আক্তার। মদনপুর আলোর পাঠশালার এই শিক্ষার্থীর স্বপ্ন বড় হয়ে একজন নামকরা আইনজীবী হওয়া এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।নূপুরের পারিবারিক জীবন অত্যন্ত কষ্টদায়ক। তার বাবা মো. হাসান ও মা মোসাম্মৎ নাজমা বেগমের বিচ্ছেদ ঘটে মাত্র পাঁচ বছর বয়সে।
এরপর থেকে নূপুর ও তার মা নানার বাড়িতে আশ্রয় নেন। দুই বছর পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে নূপুরের সম্পূর্ণ দায়িত্ব নেন তার নানা মো. লোকমান। বর্তমানে কোনো যোগাযোগ না থাকায় পিতা-মাতা বেঁচে থেকেও যেন এতিমের জীবন যাপন করছে সে। কৃষক নানা মো. লোকমান ও গৃহিণী নানু আমেনা বেগমের স্নেহে ও পরিচয়ে বড় হচ্ছে নূপুর।
পড়াশোনার পাশাপাশি নানা-নানির গৃহস্থালি কাজেও সে নিয়মিত সাহায্য করে।নূপুরের এমন উচ্চাশার পেছনে রয়েছে এক গভীর উপলব্ধি।
সূত্র: প্রথম আলো