ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চারটি অঞ্চলে চার রঙের ই–রিকশা চলবে। অঞ্চলভেদে এসব রিকশার রং হবে সবুজ, নীল, বেগুনি ও কমলা। এ ধরনের রিকশা নিবন্ধনের জন্য ৩ নভেম্বর আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম কিনলেই নিবন্ধন পাওয়া যাবে না; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নিরাপত্তার মানসহ বিধিমালার শর্ত পূরণ করতে হবে।
আজ রোববার বিকেলে নগর ভবনে বুয়েটে পরীক্ষিত ই–রিকশা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। ই–রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। পরে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার অঞ্চলে চার রঙের ই–রিকশা চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ প্রথম আলোকে বলেন, রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে।
বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়ে নিবন্ধিত ই–রিকশা নামানোর কার্যক্রম দ্রুতগতিতে চলছে বলেও জানান তিনি।৩ নভেম্বর থেকে নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়।
সূত্র: প্রথম আলো