চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান। এ সময় জয় তাঁকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হেলাল খান। একপর্যায়ে জয়কে চুপ করতে বলেন তিনি। আজ রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এ ঘটনা ঘটে।
দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়কে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এফডিসি প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পূর্বঘোষিত এ কর্মসূচিতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এফডিসির কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরীসহ অনেকে।
সূত্র: প্রথম আলো