সাত বছরের মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত জামান ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।
নিহত জামানের চাচাতো ভাই মো. সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দিয়ে একটি জুতার দোকান থেকে জুতা কেনেন। পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন।সাদেক বলেন, মজিদ মার্কেটের একটু সামনে কমিউনিটি ক্লিনিক–সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন জামানের পথ রোধ করেন। এ সময় তাঁরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
এ সময় ছোট্ট মেয়ে সঙ্গে থাকায় নিজেকে রক্ষা করতে পারেননি তিনি।
সূত্র: প্রথম আলো