বন্ধুত্ব কিংবা প্রেমে খরচ নিয়ে আর সংকোচ নয়। নিজের সামর্থ্য অনুযায়ী খরচের পরিকল্পনা। এবং খরচের বিষয়ে খোলাখুলি আলোচনার এই প্রবণতাই এখন জেন-জিদের মাঝে জনপ্রিয়।বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয় মানুষের সঙ্গে বাইরে খেতে যাওয়া। এমন আয়োজনে কে কত টাকা খরচ করবেন, তা নিয়ে অনেক সময় অস্বস্তি তৈরি হয়। বন্ধুরা দামি রেস্তোরাঁয় যেতে চাইলে নিজের বাজেটের কথা বলতে সংকোচ করেন কেউ কেউ।
আবার প্রেমের সম্পর্কে উপহার কিংবা ঘোরাঘুরির খরচ নিয়েও থাকে নানা প্রত্যাশা। বন্ধুত্ব কিংবা প্রেমের এই জায়গায় বদল আনছে জেন-জি। খরচের সামর্থ্য নিয়ে রাখঢাক না করে বরং শুরুতেই খোলাখুলি আলোচনা করছে তাঁরা। আর এই প্রবণতার নাম ‘লাউড বাজেটিং’।টাকার কথা বলতে আর সংকোচ নেই‘লাউড বাজেটিং’ বলতে বোঝায় নিজের আর্থিক সীমাবদ্ধতা বা খরচের পরিকল্পনা অন্যদের কাছে খোলাখুলিভাবে জানানো।
যেমন, বন্ধুরা কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করলে কেউ আগেই বলে দিতে পারেন, ‘এ মাসে আমার বাজেট কম, তাই বেশি খরচ করতে পারব না।’ কিংবা দামি কোনো অনুষ্ঠানে যাওয়ার বদলে কম খরচে কোথাও দেখা করার প্রস্তাব দিচ্ছে।এখানে মূল বিষয়টি কেবল টাকা বাঁচানো নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।
সূত্র: প্রথম আলো