রাত পৌনে একটা। অফিস থেকে ফিরে দেখি, এক বছরের মেয়ের জ্বর আরও বেড়েছে। দুই ঘণ্টা আগে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো হয়েছে, এখন সাপোজিটরি দেওয়া যাবে কি না, বুঝতে পারছিলাম না। এত রাতে চিকিৎসক বন্ধুদের ফোন করা ঠিক হবে কি না দ্বিধায় ছিলাম। তখন ফোন করলাম স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে। সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে স্বস্তি পেলাম। ২০১৭ সালের এই অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোতে লিখেছিলাম ‘ধন্যবাদ ১৬২৬৩!’।
সেই লেখায় আরেকজনের গল্পও ছিল। ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে গিয়েছিল। হাসপাতালে ছোটার আগে ফোন করে চিকিৎসকের পরামর্শে লেবুর রসে গলা ভিজিয়ে শুকনো ভাত খেয়ে তিনি রেহাই পান। এরপর বিভিন্ন সময়ে এই নম্বরে ফোন করে সেবা পেয়েছি। পরিচিতজনকেও স্বাস্থ্য বাতায়নের নম্বর দিয়ে সেবা নিতে বলতাম।এখন সেই নম্বরে ফোন করলে সাড়া মেলে না।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেবাটি বন্ধ হয়ে গেছে।
সূত্র: প্রথম আলো