ইতালির ডোলোমাইটস পর্বতমালার অজানা এক গুহা খুলে দিয়েছে বরফযুগের দুয়ার। বহু আগে বিলুপ্ত বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের অবিশ্বাস্য ভান্ডার রয়েছে সেখানে। বিবিসি সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ ছবি প্রকাশ করেছে। পাহাড়ে চড়ার গাইড কার্ট ওয়ালডে সেদিন ছিলেন ইতালির এই পর্বতমালার প্রায় খাড়া এক ঢালে। ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তাঁর চোখ খুঁজছিল অজানা এক গুহার হদিস।
ওয়ালডে খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নেমে পৌঁছান পাহাড়ের গায়ের সরু সমতল জায়গায়। তাঁর মনে হয়েছিল, ওখানেই গুহার মুখ মিলবে। তবে সেই আশা ভুল ছিল। ওয়ালডে জানান, সেই মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তিনি তবু নিচে নামতে নামতে দড়ির শেষ প্রান্তে পৌঁছান। ওয়ালডের শরীর সেদিন সকালে ভালো ছিল না। তিনি তবু ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন।
শেষ কয়েক মিটার পথ তিনি দড়ির সাহায্য ছাড়াই পেরিয়ে গুহার মুখে পৌঁছান।ওয়ালডের হেডল্যাম্পের আলো গুহার অনেকটা ভেতরে গিয়ে পড়ে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্রে।
সূত্র: প্রথম আলো