ধরা যাক, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। সড়কপথে গেলে গাড়িতে দীর্ঘ সময় বসে থাকতে হয়। আবার বিমানে চেপে যেতে চাইলে বিমানবন্দরে গিয়ে বিমানে ওঠার প্রস্তুতি নিতেও সময় লাগে। ঢাকা থেকে চট্টগ্রামের মতো দূরত্বের ক্ষেত্রে বিষয়টি একটু জটিল। গাড়িতে গেলে অনেক সময় লাগে, আবার বিমানে যাওয়ার মতো দূরত্বও এটি নয়। এমন পরিস্থিতিতে কী করার আছে?
এমন ছোট ও মাঝারি দূরত্বের যাতায়াত সহজ করতে নতুন একধরনের বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। মজার ব্যাপার হলো এই বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য মাত্র ১৫০ ফুট জায়গার দরকার হবে। মানে একটি ছোট মাঠ বা সমতল জায়গা হলেই চলবে!যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা তৈরি করছে হাইব্রিড-ইলেকট্রিক প্রযুক্তির এই বিমান। এর নাম দেওয়া হয়েছে ‘আলট্রা শর্ট’।
প্রতিষ্ঠানটির লক্ষ্য আঞ্চলিক যাতায়াতের অবস্থা বদলে দেওয়া।
সূত্র: প্রথম আলো