তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল আজ সোমবার বেলা ১১টায়। কিন্তু সভা শুরু হওয়ার মাত্র ২–৩ ঘণ্টা আগে হঠাৎ করে এই সভা স্থগিত করা হয়। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব জমা দিলে এরপর মজুরি পুনঃনির্ধারণের মূল আলোচনা শুরু হতো।
মালিকপক্ষের প্রস্তাব জমার আগে সভাটি স্থগিতের কারণ হিসেবে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ কার আদেশে সভাটি স্থগিত করা হলো জানতে চেয়ে মোবাইলে রাইসা আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন শুরু করেছেন।
শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
সূত্র: প্রথম আলো