একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ‘বাংলা চলচ্চিত্রের রানি’ বলেছিলেন পরীমনি। তাঁর পথচলাকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। শাকিব খান–অপু বিশ্বাসের ‘রাজনীতি’ দেখার আহ্বানও জানিয়েছিলেন দর্শকদের। সেই প্রশংসা আর ভালোবাসার সম্পর্ক পেরিয়ে এখন দুই অভিনেত্রীর বক্তব্যে উঠে আসছে ব্যক্তিগত কটাক্ষ। পরীমনির পোস্টের জবাবে এবার তাঁর সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু।
নিজের পর্যায়ে আসার পর তাঁকে নিয়ে পোস্ট দেওয়ার কথাও বলেছেন এই অভিনেত্রী।সাম্প্রতিক বিতর্কের শুরু ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপুর বক্তব্য থেকে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তির্যক মন্তব্য করেন পরীমনি। এরপর বিষয়টি গড়িয়েছে সিনেমার সাফল্য–ব্যর্থতা ও দুই অভিনেত্রীর পেশাগত অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে। সাম্প্রতিক পোস্ট ও বক্তব্যে কেউ সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
তবে বক্তব্যের বিষয়বস্তু ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার সূত্র ধরে বিনোদন অঙ্গনে এগুলো পরস্পরের উদ্দেশে বলেই দেখা হচ্ছে।রোববার, ১৫ নভেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস।
সূত্র: প্রথম আলো