জাতীয় সংসদে প্রশ্ন ওঠার পর আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শুধু তিনি নন, এই মামলার অপর আসামিদেরও আজ এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আজ ট্রাইব্যুনাল–২ এ শুনানি ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এই মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান। দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।
দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো।
সূত্র: প্রথম আলো