দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা দাঁড়িয়েছে, যা ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। সোমবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা বা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশে।
২০২৩ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা, যা মোট ঋণের ৮ দশমিক ৩৯ শতাংশ।পরবর্তী দুই বছরে খেলাপি ঋণ আরও দ্রুত বেড়েছে।
সূত্র: প্রথম আলো