সোনার দাম বাড়লে বা কমলে শুধু ব্যক্তি ক্রেতার লাভ–ক্ষতি হয়, বিষয়টা সে রকম নয়। সোনা প্রাকৃতিক সম্পদ হলেও তা উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির সঙ্গে বিশাল নেটওয়ার্ক জড়িত। সেই সঙ্গে সোনা বিশ্বজুড়ে বিনিয়োগের বড় মাধ্যম। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বিনিয়োগের মাধ্যমে হিসেবে সোনা অতটা পরিচিত নয়। তবে সারা বিশ্বে বিনিয়োগমাধ্যম হিসেবে সোনার জনপ্রিয়তা আছে।বিশ্ববাজারে সোনার দাম এক বছরের বেশি সময়ের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে আছে।
মার্কিন ডলারের চাঙা ভাব, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা—এসব কারণে সোনার দাম কমছে। খবর রয়টার্স।সোনার এই দরপতনে একদিকে নতুন ক্রেতাদের জন্য কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে বেশি দামে সোনা কিনে রাখা বিনিয়োগকারীদের সম্পদের মূল্য কমেছে। তবে প্রভাব শুধু ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়।
সোনার দাম কমলে স্বর্ণখনি কোম্পানির আয় ও মুনাফা, নতুন খনিতে বিনিয়োগ ও স্বর্ণভিত্তিক তহবিলের বিনিয়োগকারীদের ওপরও প্রভাব পড়ে।বিশ্ববাজারে সোনার দাম সাধারণত মার্কিন ডলার ও সুদের হারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
সূত্র: প্রথম আলো