দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এ সময়ে সেতুর অবস্থান ও ধরন নিয়ে নানা বিকল্প সামনে এসেছে। প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে আওয়ামী লীগ সরকার নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ধারণা সামনে আনে।
এরপর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ বাদ দিয়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে।
সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সরকারের সেতু বিভাগ।সেতু বিভাগ সূত্র বলছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে।
সূত্র: প্রথম আলো