আধো অন্ধকারে অনুভব করি, নদীচরসংলগ্ন উপবনটি সরগরম হয়ে উঠেছে অজস্র পাখপাখালির উৎকণ্ঠিত সংলাপে। ফোমের ম্যাট্রেসে পাশ ফিরি। আবার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা কম, তাই নীরবে গুনতে শুরু করি বার্ডকল। মন্দিরের গর্ভগৃহে সেবায়েতের জ্বেলে দেওয়া প্রভাতী পিলসুজের মতো তাঁবুর জালি জালি জানালা পসর হয়ে উঠছে। বেরিয়ে আসি বালুচরে। দেখতে দেখতে পাণ্ডুলিপির সাদা পৃষ্ঠাটি কলমের আঁকিবুঁকিতে চিত্রিত হয়ে ওঠার মতো আস্তেধীরে আলোকিত হয়ে ওঠে স্যান্ডবার।
হালকা কুয়াশায় চরের বিস্তীর্ণ বালুকাবেলাকে দেখায় রুপালি ধূসর। আশপাশের তাঁবুগুলোয় সহযাত্রীরা ঘুমে কাই হয়ে আছে। ভাবি, ইট ইজ হাই টাইম ফর জার্নালিং; গেল রাতে চরে ক্যাম্পফায়ারের বিষয়-আশয় এখনই কিন্তু টুকে রাখতে হয় দিনলিপির পাতায়। নোটবুক হাতে নেই, কিন্তু জুতমতো বসার জায়গা খুঁজে পাই না, তো দুকদম সামনে বেড়ে বহতা জলে চপ্পলসহ পা ডোবাই।
আলোয়ানের রুপালি জমিনে সাদা সুতোয় নকশা তোলার মতো, জলের কুয়াশানিবিড় পৃষ্ঠতরে ভাসছে কিছু বুনো হাঁস।
সূত্র: প্রথম আলো