ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুটি মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।শ্রমিক অসন্তোষের কারণে আজ সকালে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।গাজীপুরের গাছা এলাকায় আজ মঙ্গলবার সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আসছেন।
গতকালও মহানগরীর কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় তাঁরা দিনভর বিক্ষোভ করেন।আজ সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
সূত্র: প্রথম আলো